

সাইদুজ্জামান ভুইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
নবগঠিত বাঙ্গরা উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘মমতাজ বেগম শিক্ষা বৃত্তি-২০২৬’ পরীক্ষা। মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত পীর কাশিমপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রায় ১০০টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রায় ৫২৭ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ৪৯৫ জন।
প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে উপজেলার সেরা মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোই মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। অভিভাবক মো. শাহজাহান কবির বলেন, “সার্বিক পরিবেশ খুবই সুন্দর, পরীক্ষায় যাঁরা দায়িত্ব পালন করছেন, সবাই বিভিন্ন কলেজের প্রভাষক ও অধ্যাপক। শতভাগ নিরপেক্ষভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে। আরেক অভিভাবক বলেন, “তাঁদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। ”
শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছাস প্রকাশ করেছে।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পাশাপাশি আয়োজনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের জন্য পরীক্ষা চলাকালীন সময়ে বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্যগণ মমতাজ বেগম ফাউন্ডেশন কর্তৃপক্ষের আমন্ত্রণে কেন্দ্র পরিদর্শন করেছেন।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ খ্রি.














