সিরাজগঞ্জ তাড়াশে কাঁদা পানি মাড়িয়ে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিলংদহ গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিনেও পাকাকরণ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা-পানি জমে যাওয়ায় প্রতিদিন চরম ভোগান্তি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোথাও কোথাও তৈরি হয় বড় বড় গর্ত ও কাদার স্তর। ফলে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করাও কঠিন হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হয়।শিলংদহ গ্রামের এই সড়কটি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের অন্যতম প্রধান পথ। দীর্ঘদিন ধরে কাঁচা থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতিতেও প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে পৌঁছাতে হয়। তারপরও শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে জন্য তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার চেষ্টা করছেন।

অভিভাবকরাও দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়কটি সংস্কার ও পাকাকরণ করা হলে শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও যোগাযোগব্যবস্থা সহজ হবে।

স্থানীয়রা জানান, সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। দ্রুত সড়কটি পাকাকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy