আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : রুহুল কবির রিজভী

মাকসুম্মুল মকিম :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার বিগত দিনে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা পড়াশোনার মান না বাড়িয়ে পাশের পারসেন্টিস বাড়িয়েছে, কিন্তু তারেক রহমানের সরকার তা করবে না। এ সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিয়েছে, প্রতিযোগিতার সুযোগ দিয়েছে।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা লংমার্চ করছেন, এই লংমার্চে করে কি বিদ্যুৎ বাড়াতে পারবেন? পারলে কীভাবে বিদ্যুতের ঘাটতি কমবে বিরোধী দল হিসেবে আপনারা পরামর্শ দিন। যারা পাওয়ার প্লান্ট বসিয়েছে তারা বেশির ভাগই আওয়ামী লীগের, কই ওনাদের বিরুদ্ধে তো আপনারা কোনো শব্দ বের করলেন না।’

রিজভী বলেন, ‘তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সেই সাথে সরকার প্রতিটি সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফ্রি করে দিয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এসময় তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে জয়পাড়া কলেজকে সরকারি করণ করতে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এই কলেজটি শিগগিরই সরকারিকরণ হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

জয়পাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত:  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like