

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে নিয়মবহির্ভূতভাবে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ৭০ বস্তা সরকারি সার আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় সার ডিলার আমজাদ হোসেন আঞ্জুকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তাড়াশ সদরের জিকেএস হাসপাতালের সামনে চারটি ভ্যানে করে সারগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সেগুলো আটক করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক করা সারের মধ্যে ২০ বস্তা টিএসপি ও ৫০ বস্তা ডিএপি সার ছিল।
সারগুলো পরিবহনের সময় স্থানীয় লোকজন তাঁকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে সার পরিবহনের ভাউচারে অসংগতি দেখতে পান।এ ঘটনায় নিয়মনীতি বহির্ভূতভাবে উপজেলার বাইরে সার বিক্রির উদ্দেশ্যে নেওয়ার অপরাধে সার ডিলার আমজাদ হোসেন আঞ্জুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও আরও জানান, জব্দ করা সারগুলো পরবর্তী সময়ে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছেউপজেলা প্রশাসন জানায়, তাড়াশ সদরের সার ডিলার হয়েও নিজ এলাকার বাইরে সার বিক্রির চেষ্টা করায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশিত: শুক্র বার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রি.














