

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহাতলী গ্রামে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী শাহজাহান গাজীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ থেকে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর পরিবারের সদস্যরা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসতঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহজাহান গাজীর ধারণা, তাঁর নাতি ঘরে খেলতে গিয়ে অসতর্কতাবশত আগুনের সূত্রপাত ঘটিয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত শাহজাহান গাজী জানান, এ দুর্ঘটনায় তাঁর ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘরের মালামাল পুড়ে যাওয়ায় তিনি ও তাঁর পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁদের খোঁজখবর নেন।
স্বপন মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর শোনার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। দুর্ঘটনায় পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রকাশিত: রোববার, ১৮ অক্টোবর ২০২৬ খ্রি.














