যানজট নিরসনে সড়কে পড়ে থাকা কোন ঠিক করলেন টিআই প্রবীর দাস, প্রশংসায় স্থানীয়রা

সজীব খান :

চাঁদপুর শহরের সড়কে যানজট নিরসন এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন চাঁদপুর ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) প্রবীর দাস। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্লিন চাঁদপুরের উদ্যোগে সড়কে স্থাপন করা ট্রাফিক নির্দেশনামূলক কোনগুলো এলোমেলোভাবে পড়ে থাকতে দেখে নিজ উদ্যোগে সেগুলো যথাস্থানে ঠিক করে দেন তিনি।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ দৃশ্য দেখা যায়। সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে স্থাপন করা এসব কোন কিছু বেপরোয়া চালকের অসচেতনতা ও নিয়ম না মানার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে এলোমেলোভাবে পড়ে ছিল। বিষয়টি নজরে আসার পর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজ হাতে কোনগুলো ঠিক করার কাজে এগিয়ে আসেন টিআই প্রবীর দাস।

একজন ট্রাফিক কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি এভাবে সড়কের শৃঙ্খলা রক্ষায় সরাসরি কাজ করতে দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই তাঁর এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু প্রশাসনের তৎপরতাই নয়, চালক ও সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি।

চাঁদপুরে যোগদানের পর থেকে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আলোচনায় রয়েছেন টিআই প্রবীর দাস। তাঁর দায়িত্বশীলতা, কর্মতৎপরতা ও জনবান্ধব আচরণ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

টিআই প্রবীর দাস জানান, শহরের যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ক্লিন চাঁদপুরের উদ্যোগে এসব ট্রাফিক নির্দেশনামূলক কোন স্থাপন করা হয়েছে। এগুলো সঠিক স্থানে থাকলে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। তাই এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি সেগুলো ঠিক করে দেন।
তিনি আরও বলেন, সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি চালক, পথচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক নির্দেশনা অমান্য করা কিংবা সড়কের নির্দেশনামূলক সরঞ্জাম নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।

সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে চাঁদপুর শহরের সড়কে শৃঙ্খলা ফিরবে এবং যানজট অনেকাংশে কমে আসবে।

প্রকাশিত: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like