পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর-সৈয়দপুর রেলপথ অতিক্রম করার সময় ওই শিক্ষিকা ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তবে কী কারণে তিনি রেললাইনে গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একজন শিক্ষিকার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশিত: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like