

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি :
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও ডিজিটাল সেবার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ৩ টার সময় সংগঠনটির সভাপতি জুনায়েদ মোস্তফা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান এর নিকট স্মরকলিপি প্রদানের মাধ্যমে দাবিগুলো উপস্থাপন করেন।
আবেদন পত্রে বলা হয়েছে, ১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন। ২. বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন ও ক্লাবের জন্য উন্মুক্ত ২০০-৩০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক কনফারেন্স রুম নির্মাণ। ৩. বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি।
৪. বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভাগসমূহের প্রয়োজন অনুযায়ী বার্ষিক বাজেট বৃদ্ধি এবং আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ল্যাবরেটরি সরঞ্জাম ও গবেষণা উপকরণ ক্রয়ে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিতকরণ। ৫. শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে প্রাতিষ্ঠানিক ও আর্থিক সহযোগিতা প্রদান। ৬. বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য হালনাগাদ, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন এবং সকল শিক্ষকের পূর্ণাঙ্গ গবেষণা প্রোফাইল ও প্রকাশনা সংযুক্তকরণ। ৭. শিক্ষার্থীদের একাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস সরবরাহ এবং আনুষঙ্গিক ব্যয়ের একটি নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বহন। ৮. বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক সেবার ডিজিটালাইজেশন এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ।
সংগঠনটির সভাপতি জুনায়েদ মোস্তফা বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরকে একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এসব ট্যুর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, এই দাবিগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষা, গবেষণা এবং সামগ্রিক একাডেমিক পরিবেশ আরও উন্নত হবে। আমাদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
এ সময় উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদ করার কাজ চলমান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং শিক্ষকদের ব্যক্তিগত প্রোফাইল আপডেট করার জন্য তাদের নিজেদের সচেতনতার কথা ব্যক্ত করেছেন।
প্রকাশিত: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ খ্রি.














