মতলবে স্বামী স্ত্রীর ওপর অর্তকিত হামলা

স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবুল প্রধানিয়া (৪৫) ও মিলন আক্তার (৩৮) নামের দুই স্বামী স্ত্রীর ওপর ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ১০ জানুয়ারি রোববার দুপুরে ওই উপজেলার ঘিলাতলী গ্রামের আমজাদ প্রধানিয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের অর্তকিত হামলায় ওই দুই স্বামী স্ত্রী গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের ভাই রহিম প্রধানিয়া ও পার্শ্ববর্তী বাড়ির জুয়েল জানান, আহত বাবুল প্রধানের সাথে একই বাড়ির আইয়ুব আলী প্রধানীয়ার ছেলে মফিজ প্রধানীয়া গংদের দীর্ঘদিন যাবৎ বাড়ির বেশ কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই জমির বিরোধ মীমাংসার লক্ষ্যে গত কয়েকদিন পূর্বে তারা উভয় পক্ষ স্থানীয় চেয়ারম্যানের কাছে যান। তারা জানান চেয়ারম্যান সাহেব তাদের দু, পক্ষের বাকবিতণ্ডা দেখে, তাদের এই বিরোধ  তিনি মীমাংসা করতে পারবেন না বলে জানিয়ে দেন। পরবর্তীতে স্থানীয় মেম্বার এর মাধ্যমে বিরোধ মীমাংসার লক্ষ্যে পরবর্তীতে সালিশ বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।
এর ফাঁকে ঘটনার দিন সকালে আইয়ুব আলী প্রধানীয়ার ছেলে মফিজ, সফিক, রফিক, সুরুজ, মোহন, মফিজের ছেলে আনিছ, আলী হোসেনের ছেলে দেলোয়ার প্রধানিয়া ও তার স্ত্রী মানিক মতি, দেলোয়ারের ছেলে সোহেল, কাউসার, শামীম, সহ তাদের পরিবারের বেশ কজন সংবদ্ধ হয়ে রোববার দুপুরে তাদের ঘরে ঢুকে বাবুল প্রধানিয়া ও তার স্ত্রী মিলন আক্তারের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা তাদের স্বামী স্ত্রী দুজনকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করেন বলে তাদের অভিযোগ।
পরে তাদের ডাক চিৎকারে বাড়ির পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সেখান থেকে চলে যান। পরে বাড়ির লোকজন ও আহতের স্বজনরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নারায়নপুর বায়োজিদ মেমোরিয়াল হাসপাতালে নিলে তাদের অবস্থা গুরুতর দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানিয়েছেন।

You might like