শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনির আটক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবাসহ থানার তালিকাভুক্ত মাদক কারবারি মনির হোসেন প্রকাশ মনু মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) সকালে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২ টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হক, মঈনুল হোসেন সংগীয় ফোর্স টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা গ্রামে অভিযান চালায়।

ওই সময় ধোপাল্লা গ্রামের হাবিবুর রহমানের পুত্র মনির হোসেন প্রকাশ মনু মিয়াকে আটক করে। ওই সময় তার দেহ তল্লাশি করে ১৮ পিচ মেথাম্পেটামিন ক্যাফেইন (ইয়াবা) ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আটককৃত মনির হোসেন প্রকাশ মনু আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম হোতা ও থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বের ৮টি মাদক মামলা রয়েছে।

You might like