

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে পর্নোগ্রাফি মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক কলেজছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণ করে তা ফেসবুক-ইউটিউবে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তাদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ।
পরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মোহাম্মদ ওমর ফারুক তাদরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এদিন সকালে ভুক্তভোগী কলেজছাত্রীর দুলাভাই মুরাদনগর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত কলেজছাত্রীর প্রেমিক সজিব কুমার দাস মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বানীজুরি গ্রামের প্রদীপ চন্দ্র দাসের ছেলে। তার সঙ্গে কারাগারে যাওয়া অপর দুই সহযোগী হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন ও মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইসরাফিল হোসেন অয়ন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল। তিনি জানান, আটক হওয়া তিন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি আইনে মামলার পর কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সজিবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। গত ২৩ জুন ওই ছাত্রীকে ডেকে নেন সজিব। সেখানে আগেই থেকেই ওঁৎ পেতে থেকে তাদের ভিডিও করেন রুহুল এবং অয়ন। পরে এই ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর কাছ থেকে সাত হাজার টাকা নেয়। একই ইস্যুতে গত ২৯ জুন রাস্তা আটকে তার কাছে টাকা দাবি করে আসামিরা। এ সময় টাকা না থাকায় তাদের হাতে নিজের স্বর্ণের চেইন তুলে দেন কলেজছাত্রী।

১৩ জুলাই সজিব তার ব্যক্তিগত নম্বর থেকে ভুক্তভোগীর মায়ের কাছে ৩৫ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগী তার পরিবারের কাছে ঘটনাটি খুলে বলেন।

গতকাল সোমবার বিকেলে পরিবারের লোকজন সজিবকে টাকা নেওয়ার জন্য নগরপাড়ের একটি রেস্তোরাঁয় আসতে বলেন। পরে সেখানে এলে ভুক্তভোগীর পরিবারের লোকজন ও স্থানীয়রা অভিযুক্তদের আটক করেন। এ অবস্থায় খবর দিলে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।







