চাঁদপুরে বিক্রিত ২ শিশু হাজীগঞ্জে পুলিশের সহায়তায় ফিরলো মায়ের কোলে

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুরের হাজীগঞ্জে দেড় বছর পূর্বে ঋণের টাকা পরিশোধ করার জন্য বিক্রি হওয়া ২ কন্যা শিশু পুলিশের সহায়তায় মা-বাবার কোলে ফিরেছে।

২০ জুলাই বুধবার বিকালে শিশুর প্রকৃত মা-বাবার কাছে ২ শিশু সন্তানকে তুলে দেয় পুলিশ। এ সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের মিজি বাড়ীর বেকারী ব্যবসায়ী হচ্ছেন ইমরান হোসেন মিজি। তার দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ২ সন্তান। এরমধ্যে আড়াই বছর বয়সী ইভা মনিকে চাঁদপুর সদর উপজেলার আলগী গ্রামের নিঃসন্তান দম্পতি মোতালেব বরকান্দজ ও দেড় বছর বয়সি রিয়া মনিকে ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী গ্রামের বাবুল ভূঁইয়া ও জান্নাত বেগমের নিকট বিক্রি করা হয়।

বিষয়টি জানাজানি হলে বিক্রি হওয়া ২ সন্তানকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে দেড় বছর পর সন্তান কোলে পেয়ে আবেগাপ্লুত জান্নাতুল ফেরদৌস বলেন, আমি আমার ২ মেয়েকে মানুষের মতো মানুষ করবো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, যদি কেউ কাউকে দত্তক নেন তাহলে আদালতের মাধ্যমে নিয়ম অনুযায়ী দত্তক নিতে হবে। এ ছাড়া দত্তক নেয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই শিশুরা বেড়ে উঠুক আপন মাতৃকোলে।

You might like