
মো. নাইম সর্দার মুকিত, কচুয়া প্রতিনিধি :
চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, সচেতনতা বৃদ্ধি ও মানুষের নিরাপত্তা প্রদানের লক্ষে কচুয়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া ও কচুয়া থানা পুলিশের যৌথ অভিযান জোরদার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) কচুয়া উপজেলা জুড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার অফিসার জাকারিয়া, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, সাংবাদিক মেহেদী হাসানসহ সেনাবাহিনীর ফোর্স ও পুলিশ ফোর্স।
এ অভিযানের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য, কাঁচা বাজার ও ফার্মেসী ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ রেখে বাড়িতে অবস্থান করেছে ব্যবসায়ীগন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা হ্যান্ড মাইকের মাধ্যমে সকলকে বাহিরে ঘোরাঘুরি না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে আহবান জানান।











