

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য, তিন মাদক ব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের সক্রিয় দুই সদস্য রয়েছেন। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মাদক কেনাবেচা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন দীর্ঘদিন ধরে পলাতক থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাড়াশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তাড়াশ উপজেলাকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে মাদক, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।
প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.














