করোনা সন্দেহে বগুড়ায় আইসোলেশনে ২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট :

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তিকে বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী যুবককে ভর্তি করা হয় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এবং দ্বিতীয় ব্যক্তিকে ভর্তি করা হয় বিকেল সাড়ে ৪টায়। ২৫ বছর বয়সী যুবকের বাড়ি খুলনা জেলায় ও ৪৫ বছর বয়সী ব্যক্তির বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়।

২৫ বছর বয়সী ওই যুবকের বাড়ি খুলনায় হলেও তিনি চাকরি করেন কুমিল্লার একটি প্রতিষ্ঠানে। তার বাবা চাকরির সুবাদে বগুড়ায় বসবাস করেন। প্রায় ১৪ দিন আগে ওই যুবক বগুড়ায় আসেন। তখন থেকেই তার জ্বর ও কাশি ছিল। তবে এখন তার জ্বর নেই শুধু শ্বাসকষ্ট আছে।

gif maker

দ্বিতীয় ৪৫ বছরের ওই ব্যক্তি বগুড়ার ধুনটের বাসিন্দা তিনি শনিবার (২৮ মার্চ) ঢাকা থেকে বাড়ি ফেরেন। তার শরীরে জ্বর নেই। তবে শ্বাসকষ্ট রয়েছে। শ্বাসকষ্টের কারণে তিনি রোববার সকালে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্ট থাকায় ওই রোগীকে পরে করোনা আইসোলেশন ইউনিট হিসেবে মোহাম্মদ আলী হাসপাতালে রেফার্ড করা হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, দুই রোগীরই শ্বাসকষ্ট রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার (৩০ মার্চ) তাদের নমুনা সংগ্রহ করা হবে।

You might like