
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মুগদা, যাত্রাবাড়ী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর মুগদা থেকে জাহাঙ্গীর (৫০), যাত্রাবাড়ী থেকে জাকির হোসেন (৩২) এবং মিরপুর থেকে সৈয়দ মাকসুদ সুজন (৩০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২১০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, একই সময়ে রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে আরও ১৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন ও ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১ টি মামলা দায়ের হয়েছে।











