গোপালগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় সংঘর্ষে আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখে এক স্থানে আড্ডা দেয়ার প্রতিবাদ করায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার সিতাইকুন্ড গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

gif maker

স্থানীয়রা জানান, মোসলেম মোল্লার বাড়ির পাশে একটি বেঞ্চ স্থাপন করে আলমগীর মোল্লার লোকজন আড্ডা দিয়ে আসছিল। এ নিয়ে মোসলেম মোল্লা করোনা ভাইরাস প্রতিরোধে তাদের একস্থানে সমাবেত হয়ে আড্ডা দিতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে শুক্রবার রাতে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে আজ সকালে আলমগীর মোল্লা ও মোসলেম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৪ জন আহত হন।

আহতরা হলেন কাওসার মোল্লা, সান্ত মোল্লা, বাবু মোল্লা ও রুবেল মোল্লা।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) জাকারিয়া জানান, এমন কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

You might like