মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বে নারীসহ ৮ জনকে কুপিয়ে আহত

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে জমি লিজ না দেয়ায় হামলা চালিয়ে নারীসহ ৮ কৃষককে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

gif maker

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জমি লিজ দেয়া-নেয়াকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাটবালী গ্রামে শুত্রবার রাত ১১টার দিকে একবার হামলা করা হয়।

আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টার দিকে আবার কয়েক দফা এ হামলা চালানো হয়। এতে ২০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আহতদের মধ্যে আবদুল হাই আকন (৬০), ঝর্ণা বেগম (৪০), জায়েদা বেগম (৪০), হাওয়া বেগমের (৫০) নাম জানা গেছে।

পুলিশ জানায়, ওই এলাকার আব্দুল হাই আকন ও আয়নাল আকনসহ বেশ কয়েকজন কৃষকের জমিতে প্রভাব খাটিয়ে মাছ চাষ করার জন্য একটি ঘের তৈরি করে কালকিনি উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথির স্বামীর বড় ভাই (ভাসুর) মোক্তার মোল্লা।

এতে বাধা দেন আয়নাল আকন। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিশ বৈঠকও হয়। পরবর্তীতে মোক্তার মোল্লা মাছ চাষের জন্য ওই জমি লিজ চান।

এতে অস্বীকৃতি জানান আয়নাল আকনসহ অন্য কৃষকরা। এর জের ধরে মোক্তার মোল্লা লোকজন নিয়ে আয়নাল আকনের লোকজনের ওপর হামলা চালায়।

এতে কৃষক আব্দুল হাই আকন, আয়নাল আকনসহ তাদের পক্ষের ৮ জন আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন। এ সময় অন্তত ২০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

You might like