
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রলির নিচে চাপা পড়ে শাহাদাত মোল্লা (৪৫) নামে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলার আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি জেলার মুকসুদপুর উপজেলার ডাঙ্গাদুর্গাপুর গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী জানিয়েছেন, নিহত শাহাদাৎ হোসেন এলাকায় ইট-বালুর ব্যবসা করেন। তিনি ট্রলিতে করে মালামাল নিয়ে মুকসুদপুর থেকে কাশিয়ানী উপজেলার চকবনদৌলা গ্রামে যাচ্ছিলেন।

পথিমধ্যে আড়পাড়া এলাকায় তিনি ট্রলি থেকে নিচে পড়ে চাকায় পিষ্ট হন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।










