বাবুরহাট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯ মে রোববার সকালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল। আর যারা এমন পরিস্থিতি তৈরি করে শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে চায় তাদেরকে প্রতিহত করবে বাংলার মানুষ।

তিনি আরো বলেন, যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করে এক ধরনের অরাজকতা তৈরি করতে চায়, আমরা কখনোই তা হতে দেবো না। কারণ বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে চলছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, যারা এই দেশে দুঃশাসন চালিয়েছে, সেই সব অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। বিএনপি নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করে তাদের অন্যায়ের সুযোগ-সুবিধা আদায়ের অপচেষ্টা করছে। আর তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, দেশের বিশিষ্ট চিকিৎসক জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হেলাল চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ন-সম্পাদক আজিজ খান বাদল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা রেদওয়ান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

You might like