

ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা: :
অপহরণের ৪দিন পর চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারী যুবক শাওন হোসেন(২৫)কে আটক করেছে। হাজীগঞ্জ উপজেলার দেশগাও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের বালিমুড়া গ্রামের প্রবাসী আব্দুল কাদেরের মেয়ে সামিয়া ইসলাম কাশপি(১৫) গত শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণের শিকার হয়।
এই ঘটনার পর ওই রাতেই শিক্ষার্থীর মা তিনজনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় অপরহণের মামলা দায়ের করেন। এদিকে সহপাঠির খোঁজ ও উদ্ধার চেয়ে সোমবার (২০জুন) হাজীগঞ্জ উপজেলার দেশগাও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

প্রেস কনফারেন্সে পুলিশ জানায়, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের বালিমুড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদেরের মেয়ে সামিয়া ইসলাম কাশপি। সে পাশ^বর্তী হাজিগঞ্জ উপজেলার দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথিমধ্যে দীর্ঘদিন যাবত একই এলাকার মুচিয়া বাড়ির আব্দুল হালিম খানের ছেলে শাওন হোসেন তাকে উত্যক্ত করতো। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়। সালিশ বৈঠকে শাওন তার ভুল স্বীকার করে ভবিষ্যতে আর উত্যক্ত করবেনা বলে মুচলেকাও দেয়।
কিন্তু গত ১৭ জুন শুক্রবার সকালে কাশপি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে পথিমধ্যে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা শাওন ও তার সহযোগিরা তাকে জোরপুর্বক অপহরণ করে নিয়ে যায়। এব্যাপারে শুক্রবার রাতেই কাশপির মা শাহিন বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় শাওনকে প্রধান আসামী করে ও তার সহযোগি একই এলাকার সফিউল্ল্যার ছেলে বাহারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ আরো জানায়, ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় শাওন একটি ভাড়া বাসায় গত ৪দিন যাবত কাশপিকে আটকে রেখেছিল।
প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনার অভিযোগ পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধারে নেমে পড়ে। ফরিদগঞ্জ থানা পুলিশের বেশ কয়েকটি টিম তাদের তদন্তের একপর্যায়ে আহরণকারীর অবস্থান নিশ্চিত হয়। পরে থানার এসআই বরকতসহ তার টিম ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে অপহরণকারীকে আটকের সাথে সাথে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, অপহরনকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ এবং ভিকটিম’কে আদালতের মাধ্যমে তার অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো.শহিদ হোসেন ও সাংবাদিকবৃন্দ।







