
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো—ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে জিহাদ ইসলাম (১২) এবং মোস্তফার ছেলে তানভীর (১১)। তারা দুইজনই উপজেলার লাউফুলা আনোয়ারা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আলোকদিয়া ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। এ সময় অপর শিশু লিমন বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।










