

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে ছোট-বড় যানবাহন বিকল্প হিসেবে পৌর শহরের ভেতরের সড়ক ব্যবহার করছে। এতে শহরে যানজট বাড়ছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

উপজেলা প্রকৌশল বিভাগের অধীন সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দের সৃষ্টি হলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা বেল্লাল খান ও কাঙাল চন্দ্র জানান, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটির তিনটি স্থানে বড় বড় গর্ত রয়েছে। এ ছাড়া পুরো সড়কজুড়েই ছোট-বড় খানাখন্দ। প্রতিদিন ছয় থেকে সাতটি ছোট-বড় যানবাহন এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সজিব খান বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের অনেক যানবাহন মান্নাননগর থেকে পশ্চিম ওয়াপদা বাঁধ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু উত্তর ওয়াপদা বাঁধ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহনগুলো বাধ্য হয়ে পৌর শহরের ভেতরের সড়ক ব্যবহার করছে। এতে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে।
ভটভটিচালক আজাদ আলী বলেন, মাছ নিয়ে আড়তে যাওয়ার পথে তাঁর ভটভটিটি সড়কের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে অন্য একটি গাড়ির সাহায্যে সেটি গর্ত থেকে টেনে তুলতে হয়।
সরেজমিনে দেখা গেছে, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের ট্রাক শ্রমিক অফিসসংলগ্ন তিন রাস্তার মোড়ে সড়কের বেশ কিছু অংশজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বেল্লাল খান ও কাঙাল চন্দ্রের বাড়ির সামনেও রয়েছে বড় বড় গর্ত। বিশেষ করে উত্তর ওয়াপদা বাঁধ সড়ক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সংযোগ সড়কটির অবস্থাও বেহাল। সেখানে একটি মাছবাহী ভটভটি গর্তে আটকে থাকতে দেখা যায়। ভটভটি থেকে মাছ পড়ে সড়কের জমে থাকা পানিতে ছড়িয়ে পড়ে। পরে সেই পানি থেকে শিশু-কিশোরদের মাছ সংগ্রহ করতে দেখা যায়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান বলেন, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই কাজ শুরু করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের গর্তগুলোতে ইট ও সুরকি ফেলে আপাতত চলাচলের উপযোগী করা হবে।
প্রকাশিত: রোববার, ১৫ নভেম্বর ২০২৬ খ্রি.














