

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে সোলায়মান আলী (৬০) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের হেমতখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলায়মান আলী সান্তাহার পৌর শহরের বশিপুর সরদারপাড়া মহল্লার মৃত ওসমান আলীর ছেলে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা যায়, এদিন রাতে সোলায়মান আলী অটোরিকশা নিয়ে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে সান্তাহার শহরের দিকে আসছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সোলায়মান বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে।
পরে অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায় তারা। সোলায়মানের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশিত: রোববার, ১৫ নভেম্বর ২০২৬ খ্রি.













