আজ কোনো প্রেম নয়

যুবক অনার্য :

না না আজ থাক আজ না হয় অন্য কথা বলো
আজ কোনো প্রেম নয় ভালোবাসা নয়।

নির্বাসিত জোছনার মুখ, দেয়ালে বিগত বছর-
ঝুলে আছে ক্যালেন্ডারে;
কার যেনো ভুল সিলেবাস ছিঁড়ে ফেলবার
কথা ছিলো
কার যেনো ভাড়াটিয়া সিলেবাস রুখে দাঁড়াবার
কথা ছিলো।
দূর থেকে বুঝি অই দূরে মুছে যাচ্ছে
সিংহের পদধ্বনি-
একদা ছিলো এইখানে ছিলো রাজপথে;
দ্বিতীয় শৈশব কিংবা আসবে কি পুনরায়
সেই এক ঝাঁঝালো দশক!
সমউল্লাসে সমস্বরে সমঅধিকারে
মেতে কি উঠবো মোরা দ্বিগুন কোনো দ্রোহে,
নাকি এসব শুকনো নস্টালজিয়া- কেবলি অচল!
আমাকে ফুল ভেবে করো নাকো ভুল,
কাঁটা হয়ে দিব্যি কাটিয়ে দেবো একটা জীবন
ফুলকে সুরক্ষিত রেখে।

দেয়ালে বিগত বছর- ঝুলে আছে ক্যালেন্ডারে,
কেউ একজন হাল ধরবার কথা ছিলো।ধরেনি।
কেউ একজন প্রত্যাখ্যাত প্রেমিক হবার কথা ছিলো। হয় নি।
কেউ একজন বুলেটবিদ্ধ হয়ে এ রাষ্ট্র পুনরায়
স্বাধীন করবার কথা ছিলো।
হয়নি কোনোকিছু।
নীল দাগ মুছে গেলে আকাশকে মহান ভাববার
মানে নেই কেননা কেউ কেউ ভুল করে ভালোবাসে
কেউ কেউ ভালোবেসে ভুল করে।

আজ কোনো প্রেম নয় ভালোবাসা নয়
আজ শুধু নিষিদ্ধ কবিতার মতো
এক নিষিক্ত দ্রোহের কথা বলো।

You might like