স্বরূপকাঠিতে এক টাকার দানে শিক্ষার্থীদের সমাজসেবা

মোঃ মাসুদুল আলম, স্বরূপকাঠী থেকে :

গত বৃহস্পতিবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয়ে ‘উদ্যোগ’ নামক সমাজসেবামূলক সংগঠন দ্বারা সফলভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মূলত নেছারাবাদ উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজে অংশ নেয়ার উদ্দেশ্য এলাকার কয়েকজন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীর হাত ধরেই “উদ্যোগ” এর পথচলা শুরু।

প্রতিদিন সংগঠনের সদস্যদের কাছ থেকে মাত্র ১ টাকা করে নিয়ে সমাজকে দারিদ্র‍্যমুক্ত করার স্বপ্ন দেখে তারা। তারা জানায়, অসহায় মানুষদের আর্থিক সাহায্য করার পাশাপাশি, সকল ধরনের সামাজিক সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে তারা সদা প্রস্তুত। সংগঠনের অন্যতম অভিভাবক মোঃ রেদোয়ান ইসলাম জানান, “সমাজের বিভিন্ন বিপদে সবার আগে এগিয়ে আসার দায়িত্ব তরূণ প্রজন্মের। তবে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একার পক্ষে কাউকে আর্থিক সহায়তা করা কখনোই সম্ভব না।

কিন্তু একজোট হয়ে প্রতিদিনের টিফিনের টাকা থেকে অল্প কিছু বাঁচিয়ে সবাই মিলে অনেক বড় কিছু করা সম্ভব। তাই এখন আমরা প্রাথমিক ভাবে প্রতিদিন ১ টাকা (বা মাসে ৩০ টাকা) করে নিয়ে সমাজের সেবায় নিয়োজিত হয়েছি। তবে কেউ চাইলে এর বেশি দান করে আমাদের ‘উদ্যোগ’ এর কর্মকান্ডকে ত্বরান্বিত করতে পারেন। “


এছাড়াও তারা সকলকে ‘উদ্যোগ’ এর সদস্য হতে আহ্বান করে। তাদের স্বপ্ন, সংগঠনের সদস্য সংখ্যা ৫০০ এর অধিক হলে প্রতিমাসে অন্তত একজন অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সুষ্ঠু জীবনযাপনের সমাধানের ব্যবস্থা করবে। ‘উদ্যোগ’ পরিবার সর্বদা অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারাবদ্ধ।

You might like