

নিউজ ডেস্ক :
কুমিল্লার বুড়িচংয়ে সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক যুবক জয় কুমার সাহাকে জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার ওই স্টিল মিলে এ ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পশু দিয়ে নির্যাতনের অভিযোগে জড়িতদের শাস্তির দাবি উঠে।
পরে শুক্রবার মধ্যরাতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই মিলের নিরাপত্তাকর্মী শান্ত, লিপু ও সজিব নামে তিনজনকে গ্রেপ্তার করে। তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে দেয়।
নির্যাতনের শিকার যুবক জয় কুমার সাহা (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের বাসিন্দা । তার বিরুদ্ধে স্টিল মিলে চুরির অভিযোগ করা হলেও এর আগের তার কোনো অপরাধের তথ্য পায়নি পুলিশ।
এ বিষয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, নির্যাতনের শিকার জয় অভিযুক্ত তিন নিরাপত্তা কর্মীকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন। কুকুরের কামড়ের শিকার জয়কে চিকিৎসা দিয়ে বুড়িচং থানার হেফাজতে রাখা হয়েছে।
মেজর সাদমান ইবনে আলম আরও জানান, সম্প্রতি ওই স্টিল মিলে একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকেই মিলের নিরাপত্তাকর্মীরা অতিরিক্ত সতর্কতার সাথে প্রহরা বাসায়। এরই প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের সময় তারা ওঁৎ পেতে থেকে জয়কে ওই মিলের ভেতর থেকে আটক করে এবং মারধর করে। এ সময় তিনটি কুকুর লেলিয়ে দিয়ে তাকে নির্যাতন করা হয়। তবে এই সময় জয়ের ভাঙারি ব্যবসায় ব্যবহৃত ভ্যানটি মিলের বাইরে ছিল। তার বিরুদ্ধে আগের কোনো অপরাধের তথ্য পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করছিল।
নামাজ শুরু হলে জয় কুমার মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা মিলের দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেয়। কুকুরের তাড়া খেয়ে তিনি এক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতেই র্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।













