শাহাতলী বাজারে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি নির্মূলে প্রতিরোধ কমিটি গঠন

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার শাহাতলী বাজারে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি নির্মূল এবং প্রতিরোধের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে শাহাতলী বাজারে ব্যবসায়ীদের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে বাজার ব্যবসায়ী মো. মাহাবুব খান বাবলুকে সভাপতি এবং সাইফুল কবির চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি হেলাউদ্দিন মাল ও আমীর গাজী; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোলন; সহযুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মিজি; সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন গাজী এবং কোষাধ্যক্ষ ডা. বশির আহমেদ।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাজী মো. নূর হোসেন, উজ্জ্বল খান, ইমান হোসেন, ডা. সোয়েব হোসেন, ডা. শরিফুর রহমান, আক্তার খান, মামুন বেপারী, কাশিম মিজি ও জসিম খান।

আলোচনা সভায় শাহমাহমুদপুর ও মৈশাদী ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত শাহাতলী বাজারের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, বাজার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করার উদ্যোগ নেওয়া হলে ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এগিয়ে আসবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন।

এ ছাড়া রাত ১১টার পর বাজার এলাকায় বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি প্রতিরোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, শাহাতলী বাজারকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like