

সম্পাদকীয়
প্রিয় সময়ে ‘অসহায় পরিবারের মেয়ের বিয়ের পাশে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি পাঠক সমাজের নজরে এসেছে। এটি একটি মানবিক সামাজিক সহযোগিতা, যা’ আমাদের সমাজকের মানুষজনকে আঙ্গুল দিয়ে নতুন শিক্ষা ও উৎসাহ-প্রেরণা প্রদান করার মতো উজ্জ্বল দৃষ্টান্ত। সাম্প্রতিককালে যখন সমাজের নানা ক্ষেত্রে অস্থিরতা ও বিচ্ছিন্নতার চিত্র দেখা যায়, তখন কিছু মানবিক উদ্যোগ আমাদের আশার আলো দেখায়। এমনই এক প্রশংসনীয় কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা। চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি কেবল মুখেই সমাজসেবার কথা বলে না, তারা বাস্তবেও একের পর এক কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলেছে।

গত ০১ অক্টোবর ২০২৫ তারিখে সংগঠনটি যে কাজটি করেছে, তা নিঃসন্দেহে অনুকরণীয়। তারা শাহরাস্তি থানাধীন রায়শ্রী উ: ইউনিয়নের দাদিয়াপাড়া গ্রামের মো: জাহাঙ্গীর নামের এক অসহায় ও দারিদ্র পরিবারের মেয়ের বিয়ের সামাজিক কাজে ১৬ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। একটি পরিবারের জন্যে, বিশেষ করে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিতদের জন্যে, এমন আর্থিক সহায়তা কতোটা স্বস্তি আনতে পারে, তা’ সহজেই অনুমেয়। এ পদক্ষেপ শুধু একটি বিয়ের কাজ সম্পন্ন করতেই সাহায্য করেনি, এটি একটি পরিবারকে সমাজের মূল স্রোতে নিজেদের সম্মানজনক অবস্থান বজায় রাখতেও সাহস জুগিয়েছে।
সংগঠনের এমন মানবিক কর্মকাÐ প্রসঙ্গে এর সভাপতি মনজুর হোসেন সজীব যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা’ অনুপ্রেরণামূলক। তিনি বলেছেন, “আমাদের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সংগঠনটি সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে সবসময়ই সবার পাশে থাকবে…”। এ অঙ্গীকার শুধু তাদের বর্তমান সদস্যদের নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকেও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব শেখাবে।
অন্যদিকে, সংগঠনের সি: সহ-সভাপতি আবু ইউসুফ সুমন এবং সাধারণ সম্পাদক মো. সাহাবদ্দিন তাদের মূল উদ্দেশ্যকে স্পষ্ট করেছেনÑ মসজিদ, মাদ্রাসা, বিধবা, এতিম, অসহায় পরিবার, চিকিৎসা সহায়তা ও গরিব মানুষের আত্মকর্মসংস্থান এর সুযোগ করে দেয়া। বিশেষ করে সাধারণ সম্পাদকের কথাটি গুরুত্বপূর্ণ: “আমাদের সংগঠনের এটাই প্রত্যাশা যাতে করে সুশীল সমাজের প্রতিটি মানুষ এই রকম অসহায় দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসে”। তারা গত ৬ বছর যাবত গ্রামে যে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন, তার প্রভাব এখন ছড়িয়ে পড়ছে, যা’ অন্যান্য গ্রামের মানুষকেও এ সামাজিক কাজে সহায়তা দিতে উৎসাহিত করছে।
দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার এ উদ্যোগ একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের পথে এক শক্তিশালী পদক্ষেপ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামোগত পরিবর্তনেই সীমাবদ্ধ নয়, বরং তা’ নির্ভর করে সমাজের দুর্বলতম অংশটির প্রতি আমাদের সংবেদনশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর। আমরা আশা করি, সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু ভিত্তিক কাজ চালিয়ে যাবে। একইসাথে, স্থানীয় সুশীল সমাজ ও সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ এ মহৎ উদ্যোগে আরও বেশি করে এগিয়ে আসবেন- এটাই আমাদের প্রত্যাশা। মানবতার এ ধারা অব্যাহত থাকুক।
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫










