জাতীয় নিরাপদ সড়ক দিবস: সচেতনতার পথে আমতলীর পদযাত্রা

সম্পাদকীয়

প্রিয় সময়ে ‘আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত’শিরোনামে প্রকাশিত সংবাদটি আজকের জন্যে অত্যন্ত গুরুত্বপূণ। কেননা ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ অক্টোবর, ২০২৫) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি উদযাপিত হয়, যা’ সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

আমরা মনে করি, এ দিবসটি প্রতিটি স্কুলে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেই পালন করা উচিত এবং জনগণকে সচেতনতা করা দরকার। সড়ক দুর্ঘটনা বাংলাদেশের জন্যে একটি নীরব মহামারী। প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন, আরো অনেকে পঙ্গুত্ব ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। আমতলীর এ আয়োজন স্থানীয় পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দেয়ার একটি প্রশংসনীয় উদ্যোগ। র‌্যালি ও আলোচনা সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নিয়েছেন, যা’ এ বিষয়ে সামাজিক ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

মানসম্মত হেলমেটের ব্যবহার ও নিরাপদ গতি মেনে চলা সড়ক দুর্ঘটনা কমানোর অন্যতম উপায়। হেলমেট মোটরসাইকেল চালকদের জন্যে প্রাণরক্ষাকারী ঢাল হিসেবে কাজ করে। আর নিরাপদ গতি মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে। তবে শুধু হেলমেট বা গতিসীমা মেনে চললেই সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে না। সঠিক ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রক্ষণাবেক্ষণ, পথচারীদের জন্যে নিরাপদ পথ এবং সর্বোপরি সড়ক ব্যবহারে সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। আমতলীর এ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ এ বার্তা পৌঁছে দিয়েছে যে, সড়ক নিরাপত্তা একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে এ সচেতনতা যেন একদিনের আয়োজনে সীমাবদ্ধ না থাকে। স্কুল-কলেজে সড়ক নিরাপত্তা শিক্ষা, নিয়মিত প্রচারণা, এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এ উদ্যোগকে সারা বছর ধরে অব্যাহত রাখতে হবে।

আমতলীর এদিবস পালন আমাদের মনে করিয়ে দেয়Ñনিরাপদ সড়ক শুধু একটি শ্লোগান নয়, এটি আমাদের জীবন ও সম্পদ রক্ষার একটি অঙ্গীকার। আসুন, আমরা সবাই মিলে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করি। একটি নিরাপদ সড়ক আমাদের সকলের জন্যে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy