স্বরূপকাঠীতে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি

 

নেছারাবাদ উপজেলায় দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. আতিকুল ইসলাম লিটু ও গোলাম মোস্তফা। এ ছাড়াও বক্তব্য দেন সাংবাদিক আনোয়ার হোসেন, মো. মুহিদুল ইসলাম, দেবাশিষ মণ্ডল আশিষ, রুহুল আমীন, হাবিবুল্লাহ, আজিজুল ইসলাম, গোলাম আযম আসলাম, মাসুদুল আলম অপু, তপু রায়হান, তরিকুল ইসলাম, মাহমুদুল হক মিলনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

 

মতবিনিময় সভায় ইউএনও অমিত দত্ত সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “সাংবাদিক সমাজ জাতির বিবেক। একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও গঠনমূলক লেখনির মাধ্যমে সমাজের ইতিবাচক চিত্র তুলে ধরা সম্ভব, আবার উদ্দেশ্যপ্রণোদিত লেখনি সমাজকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে।” তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য সহজপ্রাপ্তি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

 

You might like