চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স–অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ) বলেন, আমি জানি আপনারা যারা মাঠপর্যায়ে আছেন, তারা স্বাধীনভাবে কাজ করার আনন্দ উপভোগ করছেন এবং এটি শেষ পর্যন্ত আপনাদেরই থাকবে। তিনি স্পষ্টভাবে জানান, সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো প্রকার চাপ, কোনো ধরনের প্রভাব কিংবা কোনো একপেশে নির্দেশনা দেওয়া হবে না।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল (২৬ জানুয়ারি) সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে মূলত তিনটি বিষয় প্রত্যাশা করে।

প্রথমত—স্বচ্ছতা। যা করবেন, যা বলবেন—সবকিছু স্বচ্ছতার সঙ্গে করতে হবে। দ্বিতীয়ত—নিরপেক্ষতা। আমাদের কোনো পক্ষ নেই। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে নিজের ভোট নিজেই দিতে পারেন, কেউ যেন অন্যের ভোট দিতে না পারে। যে ভোট দেওয়া হবে সেটিই যেন গণনা হয় এবং যে ভোট গণনা হবে, সেই গণনার ভিত্তিতেই ফলাফল ঘোষণা ও যে ফলাফল ঘোষনা হবে সেটি‌ই পরে গেজেট প্রকাশ হবে। তৃতীয়ত—দৃঢ়তা। আইনের মধ্য থেকেই দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমাদের বিশ্ব পরিচিতি, ব্যবসা-বাণিজ্য, বৈদেশিক কর্মসংস্থান—সবকিছুই এই নির্বাচনের সাথে জড়িত। তাই এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। আইন-শৃঙ্খলা ঠিক থাকলেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ভোট অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—এতে কোনো বিকল্প নেই।

ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার, দুইজন অস্ত্রবিহীন আনসারসহ পুলিশ সদস্য মিলিয়ে মোট পনেরজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচন সেল কমিটি যেকোনো সমস্যায় সহযোগিতা করবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে অবশ্যই গণভোট সম্পর্কে অবহিত করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে বড় আকারের ব্যানার টানানো থাকবে, যেখানে তথ্য মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।

পোস্টাল ভোট প্রসঙ্গে তিনি বলেন, পোস্টাল ভোট নিয়ে কোনো প্রকার নয়ছয় করা হবে না। তিনি এপসের মাধ্যমে কীভাবে পোস্টাল ভোট দেওয়া যাবে—সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ভোট পাঠানো শুরু হবে বলেও জানান। এ ক্ষেত্রে সকল নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, প্রয়োজনীয় ব্যালট, পর্যাপ্ত আলো ও ক্যামেরার ব্যবস্থা থাকতে হবে। ভোটারের গোপনীয়তা রক্ষায় বিশেষ কক্ষ সংরক্ষিত থাকবে। কোনো প্রিজাইডিং অফিসারের হাতে পেন্সিল ছাড়া অন্য কোনো কলম ব্যবহার করা যাবে না। এমনকি গণমাধ্যমকর্মীরাও কলম নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

তিনি জানান, বিশ্বের ১২২টি দেশ থেকে পোস্টাল ভোট গ্রহণ করা হবে। ভোটের দিন কোনোভাবেই নাশকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। পরিপত্র অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হবে।
তিনি সতর্ক করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেনাবেচার অপচেষ্টা হতে পারে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে মাঠে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পাশাপাশি অনলাইনে নজরদারি বাড়াতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি জোর আহ্বান জানান।

সভায় স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, পুলিশ প্রশাসনসহ আমরা সবাই এক সুতোয় গাঁথা। আমরা একসাথে, এক পোশাকে কাজ করছি। তিনি আরও বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সহযোগিতায় জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চাঁদপুরবাসীকে একটি চমৎকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী,সাবেক সাধারন সম্পাদক কাদের পলাশ,যমুনা টিভির জেলা প্রতিনিধি মো: ইব্রাহীম রনি প্রমুখ । চাঁদপুর জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলার হালনাগাদ ভোটার তালিকা ও কেন্দ্র বিন্যাস অনুযায়ী সর্বশেষ তথ্য নিম্নরূপ— চাঁদপুর জেলার ভোটার ও কেন্দ্রের পরিসংখ্যান (২০২৬) অনুযায়ী মোট ভোটার: ২৩,৩১,১৯০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার: ১২,০১,৮৫২ জন এবং নারী ভোটার: ১১,২৯,৩২৭ জন, হিজড়া ভোটার: ১১ জন। মোট ভোটকেন্দ্র: ৭৮৫টি।

মতবিনিময় অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুরের ৫টি আসনের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো।

নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করকে কেন্দ্র ভিত্তিক ইমাম,শিক্ষক,সাংবাদিক,সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করতে হবে।যাতে ভোটাররা কেন্দ্র মুখী হয়।ভোট কেন্দ্র যাতে অসুস্থ, বয়স্ক ভোটাররা যেতে পারে তার জন্য পর্যাপ্ত যানবাহনের অনুমতি দিতে হবে।

নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড যাতে সাংবাদিকরা সহজে পেতে পারে তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষন করেন।

সভায় উপস্থিত ছিলেন— চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, পিএসসি, অধিনায়ক ২১ বীর আর্মি ক্যাম্প বি এ-৭৭২৬ লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, চাঁদপুর জেলা এনএসআই উপ-পরিচালক ইফতেখারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক একরামূল হক ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. লতিফসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like