

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় জেলার স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা করেছে ‘A Healthcare Organization’ নামের অ্যাপ ভিত্তক স্বাস্থ্যসেবা উদ্যোগ। মানবিক চিন্তা, পরিকল্পিত সমন্বয় ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে এই উদ্যোগটি দিন দিন পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য ভরসার জায়গায় পরিণত হয়েছে।

এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তা ও গ্রুপ অ্যাডমিন মো. শিমুল হাসান। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি গ্রামের সন্তান এবং বর্তমানে ঢাকায় অবস্থানরত। একজন দায়িত্বশীল স্বাস্থ্যসেবা উদ্যোক্তা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।
‘A Healthcare Organization’ হোয়াটসঅ্যাপ গ্রুপটি তেঁতুলিয়া থেকে শুরু করে ঢাকার নামকরা হাসপাতাল, বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ও অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে রোগীদের দ্রুত সংযুক্ত করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে রোগী ও তাঁদের স্বজনরা চিকিৎসা সংক্রান্ত তথ্য, বিশেষজ্ঞ পরামর্শ, হাসপাতাল রেফারাল ও জরুরি সহায়তা সহজেই পাচ্ছেন।
এই উদ্যোগের পেছনে ব্যারিস্টার নওশাদ জমির-এর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আইনজীবী ও সমাজসেবক হিসেবে তিনি শুরু থেকেই এই প্ল্যাটফর্মকে নৈতিক দিকনির্দেশনা দিয়ে আসছেন। তাঁর সক্রিয় উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার ফলে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বয় সহজ হয়েছে এবং স্বাস্থ্যসেবাটি আরও কার্যকর রূপ পেয়েছে। পাশাপাশি ব্যারিস্টার নওফল জমির-এর সহযোগিতাও উদ্যোগটিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ ছাড়া এই কার্যক্রমে যুক্ত রয়েছেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, স্বাস্থ্যখাতের অভিজ্ঞজন এবং পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক ও ট্রেজারার বিএনপি নেতা শফিউজ্জামান পাটোয়ারী (রুবেল)-এর সার্বিক সহযোগিতায় উদ্যোগটি স্থানীয় পর্যায়ে আরও শক্ত ভিত পেয়েছে।
এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, নিশ্চিতভাবে বলতে পারি, ‘A Healthcare Organization’ হোয়াটসঅ্যাপ গ্রুপটি অনেক রোগীকে সেবা দিচ্ছে। আমি এটি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছি। এই ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।”
এছাড়াও, রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক-এর আগ্রহ ও সহযোগিতায় উদ্যোগটির গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
গ্রুপ অ্যাডমিন মোঃ শিমুল হাসান বলেন,”এই উদ্যোগ বাস্তবায়নে ব্যারিস্টার নওশাদ জমিরের দিকনির্দেশনা ও সাহসী সহযোগিতা আমাদের জন্য বড় শক্তি। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস আমরা আরও বিস্তৃত করতে চাই।”
স্থানীয় সচেতন মহলের মতে, ‘A Healthcare Organization’ এখন কেবল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়; বরং এটি পঞ্চগড়বাসীর জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম এবং কমিউনিটি-ভিত্তিক ডিজিটাল স্বাস্থ্যসেবার এক অনুকরণীয় মডেল।”
প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি.
















