

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে ইকরা মডেল একাডেমীর উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সেক্রেটারি এম এ লতিফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল (৩১ জানুয়ারি) ইকরা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশিষ্ট সমাজসেবক ও ইকরা মডেল একাডেমীর উপদেষ্টা মোঃ ফারুক মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোশাররফ হোসাইন। তিনি বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো সংগ্রাম। আমাদের সবাইকে সংগ্রাম করেই বাঁচতে হয়।
তিনি আরও বলেন, আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই। আমার কোনো উচ্চ বিলাসিতা বা উচ্চাকাঙ্ক্ষা নেই। আগামীতে আমরা সকলে মিলে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।
তিনি ইকরা মডেল একাডেমীর শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ ও পারদর্শিতার প্রশংসা করেন এবং শিশুদের সঠিক ও নৈতিক শিক্ষা দিয়ে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সংবর্ধিত অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, অভিভাবকদের সচেতনতার কারণেই আজ শিক্ষার্থীদের এই সাফল্যমণ্ডিত অর্জন সম্ভব হয়েছে। তিনি বিশেষভাবে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে মায়েদের ভূমিকার কথা তুলে ধরে অভিভাবকদের প্রতি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বক্তব্য রাখেন।তিনি বলেন, ইকরা মডেল একাডেমির সভাপতি গোলাম হোসেন টিটুর নেতৃত্বে নিরলস পরিশ্রমের মাধ্যমে অত্র একাডেমি চাঁদপুর শহরে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে রুপ লাভ করেছে।এখানে লেখাপড়ার মান অনেক ভালো।আমি এই প্রতিষ্ঠানের সাফল্যতা কামনা করছি এবং চাঁদপুর প্রেসক্লাব এ প্রতিষ্ঠানের পাশে থাকবে।
তিনি আরও বলেন, শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ এবং চাঁদপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জুয়েল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএ চাঁদপুর জেলা সভাপতি ওমর ফারুক, ষোলঘর সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বিকেএ সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, গাছতলা সপ্রাবি প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, বিকেএ সাধারণ সম্পাদক মৃণাল ক্রান্তি দাস, মধ্যতরপুরচন্ডী সপ্রাবি প্রধান শিক্ষক মিরাতুজ জাহান এবং বিকেএ সহ-সভাপতি কবিতা সাহা।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে সকাল ৯টায় ইকরা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ, চাঁদপুর সদর সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এন্ড ডি সুইট হোম ডেভেলপারস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ লতিফ তপাদার।
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.
















