চাঁদপুরে অপহরণ নাটক সাজিয়ে ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার ২

চাঁদপুর, ১০ ফেব্রুয়ারি : চাঁদপুরে বিকাশ এজেন্টদের মাঝে বিতরণের জন্য ব্যাংক থেকে তোলা ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

পরবর্তীতে অভিযুক্তের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙিনার মাটি খুঁড়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ওই টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী গ্রামের আব্দুর রহমান গাজী বাড়ির মো. দুলাল গাজীর ছেলে ও বিকাশের এসআর মো. রাব্বি এবং তার সহযোগী একই এলাকার ফরহাদ হোসেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ জানিয়েছেন যে মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেডের ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। এই অর্থ সদর উপজেলার বিভিন্ন এলাকার বিকাশ এজেন্টদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হয়ে যান এবং পরবর্তীতে অফিসে ফোন করে জানান যে তিনি অপহরণের শিকার হয়েছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরিবেশকের ম্যানেজার মনির হোসেন তালুকদার তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার ঘটনাটি সাজানো বলে স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বসতঘরের আঙিনায় মাটি খুঁড়ে লুকানো টাকা উদ্ধার করে। পুলিশ জানায়, অভিযুক্তরা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের চেষ্টা করেছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy