

মোঃ মাসুদুল আলম, স্বরূপকাঠী প্রতিনিধি :
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন পিরোজপুর-২ আসনের এমপি আহমদ সোহেল মনজুর সুমন। পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের গণমানুষের আস্থা ভাজন প্রতিনিধি আহমদ সোহেল মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন —এ খবরে পুরো জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু পিরোজপুরবাসীর জন্য নয়, বরং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্যও এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

নতুন দায়িত্বের মাধ্যমে তিনি দেশের আবাসন খাত, সরকারি ভবন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং গণপূর্ত সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে টেকসই ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক সরকারি স্থাপনা নির্মাণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের উদ্যোগে তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
পিরোজপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আধুনিক ভবন নির্মাণ, সড়ক ও সেতু উন্নয়নসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার ফলে এসব উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে এলাকাবাসী মনে করছেন। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, সততা, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতার জন্যই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা—তিনি তাঁর অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে দেশের পাশাপাশি পিরোজপুর-২ আসনের উন্নয়নে বিশেষ অবদান রাখবেন।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে তাঁর পথচলা হোক সফল ও গৌরবময়—এমনটাই প্রত্যাশা সকলের।
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.














