

স্বরূপকাঠী প্রতিনিধি:
পিরোজপুর নেছারাবাদের দৈহারী ইউনিয়ন রাম কিশোর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে অনুমোদন ছাড়াই গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য প্রবীর কুমার মন্ডলের বিরুদ্ধে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গনকপাড়া বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গনকপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর কুমার মন্ডল দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের সীমানার মধ্যে থাকা সুপারি ও নারিকেল গাছ ভোগ করে আসছিলেন। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের সীমানা নির্ধারণের জন্য জমি পরিমাপ করেন এবং তাকে অন্যায়ভাবে কিছু না নেওয়ার জন্য সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বিদ্যালয়ের একাধিক গাছ বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা সেলিম হোসেন বলেন, ইউপি সদস্য প্রবীর কুমার মন্ডল ক্ষমতার প্রভাব দেখিয়ে স্কুলের গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ নিতে বাধা দিই। তবে বিক্রির টাকা উদ্ধার করতে পারিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার মন্ডল বলেন, যে গাছগুলো বিক্রি করা হয়েছে সেগুলো বিদ্যালয়ের সীমানার মধ্যেই অবস্থিত। স্কুল বন্ধ থাকায় বিষয়টি তাৎক্ষণিক জানতে পারিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে সত্যতা পাই। বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য প্রবীর কুমার মন্ডল বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠার সময় আমার পূর্বপুরুষেরা জমি দিয়েছেন। আমি দীর্ঘদিন ধরে গাছগুলো ভোগ করে আসছিলাম। সীমানা নির্ধারণ হওয়ায় ভুলবশত ৩ হাজার ৫০০ টাকায় দুটি গাছ বিক্রি করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















