

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা নগরীতে এক ভয়াবহ হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দিরে ‘শনি পূজা’ চলাকালে তিনজন ব্যক্তি হঠাৎ মণ্ডপে হাতবোমা নিক্ষেপ করে। পুরোহিত কেশব চক্রবর্তী লাঠি দিয়ে বোমাটি সরানোর চেষ্টা করলে তা বিস্ফোরিত হয় এবং তিনি গুরুতর আহত হন।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মন্দিরের সামনে একটি ব্যাগ ফেলে যায় এবং পাশের বাগানবাড়ি মসজিদের সামনে আরও দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে নামাজ পড়তে যাওয়া আবদুল বারেকসহ আরও একজন মুসল্লি আহত হন। আহতরা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, র্যাবের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এবং পুলিশ সুপার আনিসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, নির্বাচন-পরবর্তী সময়ে কুমিল্লার পরিবেশ অশান্ত করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে তদন্ত করবে। মন্দিরের সামনে ফেলে যাওয়া ব্যাগটি পুলিশ হেফাজতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ব্যাগটি খুলে এর ভেতরে কী আছে তা পরীক্ষা করা হবে।
প্রকাশিত : রোববার, ০৮ মার্চ ২০২৬ খ্রি.
















