

নিজস্ব প্রতিবেদক :
উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও ফেলুদা সিরিজের লেখক সত্যজিৎ রায় স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। শনিবার ২৫ এপ্রিল সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় সত্যজিৎ রায়ের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন, পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্স, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, আবদুর রব ফাউন্ডেশনের সদস্য সচিব জাহেদুর রব জাহেদ রানা, স্কুল শিক্ষক ইব্রাহীম খলিল, সাহিত্যানুরাগী অ্যাডভোকেট ইমাম হাসান সৈকত, মাইসা মনি, ঝর্না আক্তার ও মনির হোসেন খান।
বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, সত্যজিৎ রায় ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্রের মাধ্যমে তিনি গ্রাম-বাংলার জীবন্ত ছবি তুলে এনেছিলেন। মানুষের সুখ-দুঃখ এবং হাসি-কান্নাকে তিনি চিত্রায়িত করেছেন অত্যন্ত শৈল্পিকভাবে।
তিনি আরও বলেন, পথের পাঁচালী, আগুন্তুক, হীরক রাজার দেশে এবং গণশত্রুর মতো সিনেমা এখনও আবেদন হারায়নি। ফেলুদা সিরিজ, গান ও চিত্রনাট্য সব ক্ষেত্রেই তিনি অনন্য। যুগের পর যুগ চলে যাচ্ছে সত্যজিৎ রায়কে কেউ ছাপিয়ে যেতে পারেনি।
অনুষ্ঠানে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।
সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।
প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 3














