

মোঃ মাসুদুল আলম অপু, নেছারাবাদ প্রতিনিধি:
নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান (সুমন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে তার ফেসবুক আইডিতে এ স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে তিনি নেছারাবাদবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ২০২৪ সালের ২১ মে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে স্বচ্ছ ভোটের মাধ্যমে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়ায় নির্বাচিত হওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান এবং এই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না বলে বিনয়ের সাথে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা এমপি-মন্ত্রীর সমর্থন ছাড়াই তিনি নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। নিজের পেশাগত পরিচয় তুলে ধরে জানান, তিনি একজন সাব-ঠিকাদার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের মালামাল সরবরাহ করেন এবং কিছু উন্নয়নমূলক কাজের দেখভাল করেছেন।
স্ট্যাটাসে চলমান কিছু কাজের প্রসঙ্গ তুলে ধরে সুমন বলেন, তার জানামতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত কোনো অর্থ উত্তোলন করেনি। কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে এবং অফিসিয়াল জটিলতা নিরসনের পর কাজগুলো বাস্তবায়ন ও পাওনা অর্থ পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। সবশেষে তিনি নেছারাবাদবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ মে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে স্বচ্ছ ভোটের মাধ্যমে একাধিক প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রি.
















