স্বজন হারানো পরিবারগুলোর পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন

বিশেষ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় সংঘটিত হৃদয়বিদারক ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির উদ্যোগে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ১০ জনের পরিবার এবং আহত ৫ জনের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শোকাহত পরিবারগুলোর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, “দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা কখনোই পূরণ হওয়ার নয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মো. আব্দুর রাকিব। তিনি বলেন, “মানবসেবা ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।”

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে এবং মানবিক সহমর্মিতার চর্চা সমাজে আরও বিস্তৃত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নাসির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে নিহত ১০ জনের প্রত্যেক পরিবারের হাতে ১০ হাজার টাকা এবং আহত ৫ জনের প্রত্যেক পরিবারের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বক্তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy