

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের রেলগেট থেকে ইন্দ্রার পর্যন্ত চলাচলের একমাএ রাস্তার কাজ চলমান কার্পেটিং সড়ক নির্মাণ কাজে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণে নির্ধারিত মান অনুযায়ী ইটের খোয়া ব্যবহার না করে ২ ও ৩ নম্বর নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। পাশাপাশি WBM ও কার্পেটিং কাজে পর্যাপ্ত রোলার ব্যবহার না করায় প্রয়োজনীয় কম্পেকশন নিশ্চিত হয়নি, যা সড়কের স্থায়িত্বের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসীর অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্পেটিং কাজের প্রাইম কোটে প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার করা হয়নি। এছাড়া মিক্সিংয়ের সময়ও বিটুমিনের পরিমাণ কম রাখা হয়েছে। ব্যবহৃত পাথরের সাইজ তুলনামূলকভাবে বড় হওয়ায় রাস্তার উপরিভাগের ফিনিসিং অত্যন্ত নিম্নমানের হয়েছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়াও নির্মাণস্থলে কোনো ধরনের সেফটি সাইন বা সতর্কতামূলক চিহ্ন দেখা যায়নি। ফলে যানবাহন ও পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থাও ছিল চরমভাবে উপেক্ষিত—লেবারদের গামবুট, হেলমেট ও হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় সেফটি সামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি।
এসব অনিয়মের কারণে সড়কের নিরাপত্তা, স্থায়িত্ব ও কাজের গুণগত মান নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত সময়ের মধ্যে কাজের মান যাচাই, অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
















