চাঁদপুরে সদর ও হাইমচরের ৭৯ জন জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সজীব খান, চাঁদপুর
চাঁদপুরে এই প্রথম সদর ও হাইমচর উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৯ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (২৮ নভেম্বরর) সকাল ১০টায় চাঁদপুর ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তোমরাই চাঁদপুরের মেরুদণ্ড। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও সাফল্য আমাদের আশাবাদী করে তোলে। আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা এবং অনুকূল পরিবেশ পেলে তোমরাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, আমাদের প্রত্যাশা শুধু জিপিএ-৫ অর্জন নয়, তোমরা নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও যোগ্যতায় নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। শিক্ষার্থীদের এই অসামান্য সাফল্যের পেছনে যেসব শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের অবদান রয়েছে, তাঁদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। কৃতী শিক্ষার্থীদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে চাঁদপুর, এগিয়ে যাবে বাংলাদেশ।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৩ জন এবং হাইমচর উপজেলার ৬ জনসহ মোট ৭৯ জন শিক্ষার্থীকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, তোমরা দেশ পরিবর্তনের অংশীদার হবে এবং সুন্দর চাঁদপুর বিনির্মাণে ভূমিকা রাখবে। চাঁদপুরকে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে। ভূমিদখলদারদেরও চাঁদপুরে কোনো জায়গা হবে না।

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. আবদুল মাননানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসান, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমার পরিচালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের আলমগীর হোসেন বাহার, চান্দ্রা বাজার নূরিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম মোস্তফা হামিদী।

কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন বাদল বণিক।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন জিলানী চিশতী কলেজের শিক্ষার্থী রূপা রানী দাস, চান্দ্র বাজার নূরিয়া পাইলট মাদ্রাসার শিক্ষার্থী সাবিহা আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী রিফা রাফিয়া লাবণ্য, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম নিহাল, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন চান্দ্রা নূরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নাজমুল আহসান ও গীতা পাঠ করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রাপ্তি সাহা।

আলোচনা সভা শেষে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৯ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, আক্তার হোসেন মাঝি, শাহজালাল মিশন, আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মৎস্য জীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন কলেজ, মাদ্রাসার শিক্ষক, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রকাশিত:  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy