

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে গাছের ডাল কাটতে গিয়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নারিকেল গাছের মাথায় মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার কোঁয়ার গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের স্ত্রী ও মেয়ের তথ্যে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার কথা বলে বাড়ি থেকে বের হন শহিদুল ইসলাম। সন্ধ্যা হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাঁর সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে আসেন তাঁরা। একপর্যায়ে মেয়ের মনে পড়ে, সকালে তাঁর বাবা গাছের ডাল কাটতে যাওয়ার কথা বলেছিলেন।
পরে একটি টর্চলাইট নিয়ে আশপাশের গাছগুলোতে আলো ফেলতে থাকে। ওই সময় একটি নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম কোনো একটি ব্যাংকের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, উদ্ধারের জন্য প্রথমে শাহরাস্তি ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে অফিসে লোকবল না থাকার কথা জানানো হয়। পরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাঁরা উদ্ধারকাজে যোগ দেবেন বলে জানায়।
প্রকাশিত: রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.














