

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, বগুড়া জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ জিললুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামসুল আলম। সভায় সভাপতিত্ব করেন এ.কে.এম ফজলুর রহিম (টিপু)। এসময় সমিতির পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালকবৃন্দ, সাধারণ সদস্য, ওষুধ ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং অবৈধ মাদক ও মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, প্রেসক্রিপশন ছাড়া নিয়ন্ত্রিত ওষুধ বিক্রি না করা এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, প্রচলিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সভা শেষে বক্তারা বলেন, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। বগুড়াকে মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
















