

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াসিন আলীর কোনো বৈধ চিকিৎসা সনদ না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নিজের নামের আগে চিকিৎসক পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ইয়াসিন আলীকে আটক করেন। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতে বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।
এদিকে, স্থানীয়রা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা রোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান এসময় বলেন, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতারণামূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
















