কুড়িগ্রামে ৪দিনব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি মেলা ও জেলা ফল মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে কৃষির আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চার দিনব্যাপী “কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা এবং জেলা ফল মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি কুড়িগ্রাম এর উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং দেশীয় ফল চাষ সম্প্রসারণে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। তারা কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে কৃষকদের এসব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২০টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র, জৈব সার, নিরাপদ খাদ্য উৎপাদন কৌশল এবং দেশীয় বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা এসব স্টল ঘুরে কৃষি ও পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও ফলের সংগ্রহ ঘুরে দেখেন। মেলাকে ঘিরে কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, মেলা চলাকালীন কৃষকদের জন্য প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থাপনা, ফল চাষ, পুষ্টি সচেতনতা ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে আলোচনা, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হবে। মেলাটি আগামী চার দিন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy