

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পুর্বধইর পুর্ব ইউনিয়নের মহেশপুর গ্রামে রাশিদা হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বাঙ্গরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মহেশপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে ইমামুল এবং মতিন সরকারের ছেলে কলিম উল্লাহ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে দেলোয়ারের স্ত্রী রাশিদা বেগম, রহিম মেম্বারের লোকজনের ভয়ে, খামারে থাকা কয়েকটি গরু ট্রাকে করে তার বাপের বাড়ীতে নিয়ে যাচ্ছিল। চাপিতলা আসলে ওত পেতে থাকা রহিম মেম্বারের বাহিনী গরু ভর্তি ট্রাক আটক করে রাশিদা বেগমকে লোহার রড ও দেশিয় অস্ত্রসস্র দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।

এটুকু করেই তারা ক্ষান্ত হয়নি আহত অবস্থায় তাঁকে ৪ ঘন্টা সেখানে আটকে রাখে। তার কলেজে পড়ুয়া দুই মেয়ে সামিয়া আক্তার (১৮) ও আছিয়া আক্তার (১৫) মা রাশিদা বেগমকে হাসপাতালে নিয়ে যেতে আকুতি জানালে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে আহত করে।
৪ ঘন্টা পর পুলিশ রাশিদা বেগমকে উদ্ধার করে তার বাড়ীর পাশে আত্মীয় স্বজনদের কাছে রেখে চলে যায়। স্বজনরা রাশিদা বেগমর অবস্থা খারাপ দেখে তাঁকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। ঢাকা নেয়ার পথেই রাশিদা বেগমের মৃত্যু হয়। পরে স্বজনেরা পুনরায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে পাঁচ সন্তানের জননী রাশিদা বেগমের লাশ মহেশপুর কবরস্থানে দাফন করা হয়।
বাঙ্গরা বাজার থানা ওসি শফিউল আলম বলেন, রাশিদা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ দিয়েছে তার মেয়ে সামিয়া আক্তার। এবিষয়ে জড়িত থাকার অভিযোগে কলিমউল্লাহ ও ইমামূল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে জোড় প্রচেষ্টা চলছে।

















