সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

‎ঘটনাটি বুধবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে অবস্থিত তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর শহিদুল ইসলামের বাড়িতে ঘটে।

‎পরিবারের সদস্যদের ভাষ্য, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। পরে তারা নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

‎ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি তাড়াশ থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে।

‎এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করছে।”

প্রকাশিত : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ খ্রি
.

You might like