

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা (নোয়াপাড়া) গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়ে জয় সরকার নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ জয় সরকার খালিশাকান্দা(নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা বিনয় সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে হাওরে মাছ ধরতে যায় জয়। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত সে নৌকা থেকে পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই পানির স্রোতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা নৌকা নিয়ে দীর্ঘ সময় ধরে হাওরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। পরে গ্রামের আরও অনেকে উদ্ধার তৎপরতায় যোগ দেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জয় সরকারের কোনো সন্ধান মেলেনি।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, এখনও জয় সরকারের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
প্রশাসন জানিয়েছে, নিখোঁজ কিশোরকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

















